ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াডে ‘তারার বাড়ী’ দলের স্বর্ণজয়
‘মার্স ওডিসি’ প্রকল্পে মঙ্গল অভিযানের রোবোটিক সম্ভাবনা তুলে ধরে শিশু-কিশোরদের অনন্য সাফল্য
নিজস্ব প্রতিবেদক
রোবটিক্স, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে অসাধারণ সাফল্য অর্জন করেছে শিশু-কিশোরদের দল ‘তারার বাড়ী’। ‘ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াড ২০২৬’-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে উদ্ভাবনী প্রকল্প ‘মার্স ওডিসি’ উপস্থাপন করে মর্যাদাপূর্ণ স্বর্ণপদক অর্জন করেছে দলটি।
গত ৪ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে দিনব্যাপী এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়।
মঙ্গল অনুসন্ধানে ‘মার্স ওডিসি’
‘মার্স ওডিসি’ মূলত মঙ্গলগ্রহে অনুসন্ধানের জন্য তৈরি মার্স রোভারভিত্তিক একটি উদ্ভাবনী রোবোটিক্স ধারণা। মঙ্গলগ্রহের মতো প্রতিকূল পরিবেশে অনুসন্ধান, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনায় রোবোটিক প্রযুক্তির সম্ভাবনাকে প্রকল্পটির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শত শত শিক্ষার্থীর উদ্ভাবনী প্রকল্পের মধ্যে ‘মার্স ওডিসি’ প্রকল্পের সৃজনশীল ধারণা, প্রযুক্তিগত সক্ষমতা, বাস্তবভিত্তিক প্রয়োগ এবং সমস্যা সমাধানের দক্ষতা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। এরই স্বীকৃতি হিসেবে ‘তারার বাড়ী’ দলকে দেওয়া হয় স্বর্ণপদক।
তরুণদের প্রযুক্তিমুখী হওয়ার আহ্বান
অলিম্পিয়াডের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, এমপি।
তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিই নেতৃত্ব দিচ্ছে। রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইমস টুডের সম্পাদক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী পরিচালক মাসুম খান, রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়, অ্যাম্বাসেডর ম্যাগাজিনের সাব-এডিটর ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের কান্ট্রি ম্যানেজার শারমিন নাহার লীনা, বন্ধি পাঠশালার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং গিয়ারঅনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান, বিএসআরএম স্টিলস লিমিটেডের হেড অব সেলস মুহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং এসিএস ফিউচার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাইরোজ খালেদ অহি।
এ ছাড়া অনুষ্ঠানে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, গবেষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত
‘তারার বাড়ী’ দলের এই অর্জন শুধু একটি প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় নয়; বরং বাংলাদেশের শিশু-কিশোরদের রোবটিক্স, STEM (Science, Technology, Engineering and Mathematics) এবং মহাকাশবিজ্ঞানভিত্তিক উদ্ভাবনে আগ্রহী করে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।
অভিভাবক ও উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, ‘তারার বাড়ী’র মতো তরুণ উদ্ভাবকদের সাফল্য দেশের আরও অনেক শিশু-কিশোরকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নতুন চিন্তা ও উদ্ভাবনে উৎসাহিত করবে। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের তরুণ প্রজন্ম নিজেদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতার পরিচয় তুলে ধরবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।